কেন আমি বহিষ্কৃত?
Presidency University student expulsion: ক্যাম্পাসে প্রতিবাদ, এবিভিপির রাজনীতির বিরোধিতা এবং রোহিত ভেমুলার ম্যুরাল পুনর্নির্মাণের উদ্যোগের জেরেই বহিষ্কৃত হতে হলো? ছাত্রছাত্রীদের মতপ্রকাশের অধিকার কি আজ বিশ্ববিদ্যালয়ে শাস্তিযোগ্য অপরাধ?
ঘটনাটি ঘটে ১৩ অক্টোবর। সাম্প্রতিক সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই), কলকাতা বিশ্ববিদ্যালয়, রাজাবাজারের বিভিন্ন কলেজ এবং আলিপুরদুয়ার কলেজে ঘটে যাওয়া হামলার প্রতিবাদে আমরা একটি সংহতি কর্মসূচির আয়োজন করি। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। গান, নাচ, কবিতা এবং নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে তাঁরা আক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
আমাদের ক্যাম্পাসে রোহিত ভেমুলা এবং চুনি কোটালের দু'টি ম্যুরাল ছিল। কিন্তু ন্যাক-এর পরিদর্শনের সময় সরকারের নির্দেশেই সেই ম্যুরালগুলি মুছে ফেলা হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিই, ম্যুরাল দু'টি আবার নতুন করে সম্পূর্ণ করব। কারণ, রোহিত ভেমুলা এবং চুনি কোটালের মুখ ও তাঁদের লড়াইয়ের স্মৃতি আমাদের কাছে ছাত্র আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সংগ্রাম, তাঁদের পরিণতি এবং যে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তাঁরা লড়েছিলেন, সেই ইতিহাসকে আন্দোলনের পরিসরে বাঁচিয়ে রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। আগামী দিনের ছাত্র আন্দোলনের সঙ্গেও এই স্মৃতিকে যুক্ত রাখা জরুরি। সেই ভাবনা থেকেই ম্যুরাল দু'টি পুনর্নির্মাণের উদ্যোগ নিই। এ জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নিয়েছিলাম।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এবিভিপি ক্যাম্পাসের বাইরে এসে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করে এবং সেখানে পতাকা টাঙিয়ে দেয়। একইভাবে, ৪ অক্টোবর এসআরএফটিআই-এর ঘটনার পরও এবিভিপি ক্যাম্পাসে প্রবেশ করে। এর বেশ কিছুদিন আগে, ক্যাম্পাসের জিবিতে দাঁড়িয়ে এবিভিপির এক সংগঠক প্রকাশ্যে বলেছিলেন, কোনো মুসলিম অধ্যাপক থাকলে তাঁরা তাঁর ক্লাস করবেন না। একই সঙ্গে দাবি করা হয়, এটি হিন্দু কলেজ এবং প্রতিষ্ঠানটি হিন্দু কলেজের ঐতিহ্য বহন করে। অর্থাৎ, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে নিশানা করেই এই ধরনের বক্তব্য রাখা হয়েছিল। বামপন্থী ছাত্রছাত্রীরা যখন এই বক্তব্যের বিরোধিতা করে প্রশ্ন তোলেন, তখন তাঁদের প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে উল্টে পুলিশের কাছে জেনারেল ডায়েরি করা হয়।
ক্যাম্পাসে এবিভিপির একটি নিয়োগ সংক্রান্ত পোস্টার পড়েছিল। সেই সময় ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা হচ্ছিল। আমিও সেখানে গিয়ে স্প্রে ক্যান দিয়ে এবিভিপির পোস্টারের উপর ‘Rapist’ এবং ‘Casteist’ লিখি। তার পাশে লিখেছিলাম ‘Fuck RSS’। পোস্টারের নিচে একটি তিরচিহ্ন এঁকে লিখেছিলাম ‘Throw garbage here’।
কেন এই শব্দবন্ধগুলি ব্যবহার করেছিলাম? ‘Rapist’ লেখার কারণ, আমাদের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এসআরএফটিআই-সহ বিভিন্ন ক্যাম্পাসে এবিভিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রবেশ করে মহিলা ছাত্রছাত্রীদের ধর্ষণের হুমকি দিয়েছেন। শুধু তা-ই নয়, যে বৃহত্তর মতাদর্শের রাজনীতিতে এবিভিপি বিশ্বাস করে, সেই আরএসএসের রাজনীতির সঙ্গে হাথরস, উন্নাও এবং কাঠুয়ার মতো ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপটও জড়িয়ে রয়েছে বলে আমরা মনে করি। সেই কারণেই এই শব্দ ব্যবহার করেছি।
- আপনার জন্য আরও কিছু লেখা
SRFTI incident: গোটা দেশে যখন মানুষের বিজেপির প্রতি মোহভঙ্গ ঘটতে শুরু করেছে, তখন আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এল। অথচ একসময় গর্বের সঙ্গে বলা হতো—“হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো।” আজ তা যেন উল্টে গিয়েছে।
‘Casteist’ লেখার কারণও স্পষ্ট। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে রোহিত ভেমুলার বহিষ্কার এবং তাঁর প্রাতিষ্ঠানিক হত্যার পিছনে যে জাতপাতভিত্তিক বৈষম্য ও ক্ষমতার কাঠামো কাজ করেছিল, তার জন্য আমরা আরএসএস-এবিভিপির রাজনীতিকেও দায়ী করি। রোহিত ভেমুলার মৃত্যু আমাদের কাছে শুধু একজন ছাত্রের মৃত্যু নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে জাতপাতের বৈষম্য কীভাবে একজন ছাত্রের জীবনকে বিপন্ন করতে পারে, তার একটি দৃষ্টান্ত।
‘Fuck RSS’ আমাদের প্রজন্মের প্রতিবাদের ভাষা। আরএসএস-বিজেপি-এবিভিপির ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্বের রাজনীতির বিরুদ্ধে সরাসরি অসম্মতি ও প্রতিবাদ জানানোর একটি অভিব্যক্তি হিসেবেই আমরা এই শব্দ ব্যবহার করেছি। এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবসমাজের বিদ্রোহ ও প্রতিবাদের সংস্কৃতি থেকে উঠে আসা ‘Fuck the Police’ গানের প্রতিবাদী ভাষারও একটি যোগ রয়েছে। ক্ষমতা ও দমনমূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানানোর যে ভাষা, আমরা সেই প্রতিবাদের ধারার সঙ্গেই নিজেদের যুক্ত মনে করি।
এরপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌরব লামা গোটা ঘটনার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেই পোস্টে তিনি শুভেন্দু অধিকারী এবং কলকাতা পুলিশকেও ট্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিষয়টি এগোনোর আগেই সামাজিক মাধ্যমে তা প্রকাশ্যে চলে আসে। পরে জোড়াসাঁকো থানায় এফআইআর দায়ের করা হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়। অভিযোগ করা হয়, জাতীয় আইকন স্বামী বিবেকানন্দকে আক্রমণ করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ে ডিসিপ্লিনারি কমিটির বৈঠক বসে। আমরা সেই কমিটির সামনে হাজির হই। আমি নিজেই স্বীকার করি, এবিভিপির পোস্টারে ওই লেখাগুলি আমিই লিখেছিলাম। কারণ, এবিভিপির এই রাজনীতির প্রতি আমাদের তীব্র আপত্তি রয়েছে এবং আমরা তার প্রতিবাদ জানাতে চেয়েছিলাম। কিন্তু ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে বারবার আমাকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির উপর অশালীন ভাষা লেখার বিষয়ে প্রশ্ন করা হচ্ছিল। আমি বারবার স্পষ্ট করে বলেছিলাম, লেখাগুলি বিবেকানন্দের প্রতিকৃতির উপর নয়, এবিভিপির নিয়োগ সংক্রান্ত পোস্টারের উপর লেখা হয়েছিল। এইভাবে গোটা ঘটনাটিকে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে বলে আমি মনে করি।
শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ, দীপাবলির ছুটি শুরুর ঠিক আগে আমাদের বহিষ্কারের নোটিশ পাঠানো হয়। আমাদের দু’জনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে শাস্তির কারণ হিসেবে লেখা হয়েছে, ‘Disfigurement of the portrait of Swami Vivekananda and the reported use of inappropriate language concerning other organizations’। অর্থাৎ, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি বিকৃত করা এবং অন্য সংগঠন সম্পর্কে অনুপযুক্ত ভাষা ব্যবহারের অভিযোগ। অথচ, আমি বারবার জানিয়েছি, বিবেকানন্দের কোনো প্রতিকৃতিতে আমি কিছু লিখিনি। লেখাগুলি ছিল এবিভিপির পোস্টারের উপর। তা সত্ত্বেও আমার বক্তব্য এবং ঘটনার প্রকৃত প্রেক্ষাপট উপেক্ষা করে অভিযোগটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে।
আরও একটি বিষয়, বহিষ্কারের চিঠিতে একজন প্রাক্তন ছাত্রকে বহিষ্কার করার সিদ্ধান্তের অর্থ কী, সেটিও স্পষ্ট নয়। সেখানে একটি অদ্ভুত শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে—‘Expelled from studentship and post-studentship activities’। অর্থাৎ, ছাত্রত্ব এবং ছাত্রত্ব-পরবর্তী কার্যকলাপ, দু’টি থেকেই বহিষ্কারের কথা বলা হয়েছে। আমার এখনও বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট, ট্রান্সক্রিপ্ট এবং রেকমেন্ডেশন লেটার নেওয়া বাকি। গতবারই আমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। নিজের বিশ্ববিদ্যালয়েই পিএইচডি করার কথা ভাবছিলাম। কিন্তু নোটিশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যাবে না—‘Barred from enrolling in any future degree programs’। অর্থাৎ, যে ক্যাম্পাসে থেকে আমার উচ্চশিক্ষা ও গবেষণার পরিকল্পনা ছিল, সেখানেই ভবিষ্যতে পড়াশোনার পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। আমার গবেষণার পরিকল্পনা এবং পরবর্তী শিক্ষাজীবন এই সিদ্ধান্তের ফলে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
অন্যদিকে, যে ছাত্রীকে আমার সঙ্গে একই শাস্তি দেওয়া হয়েছে, তাঁর বিরুদ্ধে পোস্টারে কোনো লেখা লেখার অভিযোগও নেই। তিনি শুধু পোস্টারের গা বরাবর একটি তিরচিহ্ন এঁকেছিলেন। আমি সেই তিরচিহ্নের পাশেই ‘Throw garbage here’ লিখেছিলাম। আমার লেখার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। তিনি শুধু আমার পাশে দাঁড়িয়েছিলেন। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ দেখলেও বিষয়টি বোঝা সম্ভব। যদিও সেই ফুটেজ আমাদের দেখানো হয়নি। তাঁর নিজের কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও তাঁকে একই শাস্তি দেওয়া হয়েছে। প্রথমে তাঁকে ভয় দেখানো হয় এবং ক্ষমা চাইতে বাধ্য করা হয়। কিন্তু ক্ষমা চাওয়ার পরেও তাঁর শাস্তি প্রত্যাহার করা হয়নি। একইভাবে তাঁকেও বহিষ্কার করা হয়েছে।
ক্যাম্পাসে দীর্ঘদিনের একটি সংস্কৃতি রয়েছে, যেখানে প্রশাসন, অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা একসঙ্গে বসে আলোচনা করতে পারেন। সেই প্রাতিষ্ঠানিক আলোচনার পরিসরের উপর আস্থা রেখেই আমি কমিটির সামনে হাজির হয়েছিলাম। সেখানে সিসিটিভি ফুটেজে যা দেখা গিয়েছে, তা আমি স্বীকারও করেছি। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো তদন্ত কমিটির রিপোর্ট দেখানো হয়নি। অন্যদিকে, প্রকাশ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে ‘ক্লিন আপ ড্রাইভ’ চালানোর কথা বলছেন। এই বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে আমাদের বহিষ্কারের ঘটনাকে মিলিয়ে দেখার অবকাশ রয়েছে বলেই আমরা মনে করছি। ইতোমধ্যে আমরা ডিনের কাছে ইমেল পাঠিয়েছি। উপাচার্যের কাছে আপিল করার পথও খুঁজছি। তবে আদালতের দ্বারস্থ হওয়া বা পরবর্তী কোনো আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব।
ইতোমধ্যে আমরা ডিন অফ আর্টসের কাছে ইমেল করে তদন্ত কমিটির রিপোর্ট, বহিষ্কারের সিদ্ধান্তের কারণ এবং এই সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছি। সেই রিপোর্ট ও প্রয়োজনীয় তথ্য হাতে পেলেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে আপিল করতে পারব। দীপাবলির ছুটির ঠিক আগে কর্তৃপক্ষ এই চিঠি পাঠিয়ে গোটা প্রক্রিয়াটিকে জটিল করে তুলেছে। এই প্রক্রিয়ায় সন্তোষজনক উত্তর না পেলে আমরা আইনি পথেও এগোব।
অন্যদিকে, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনও ইতোমধ্যে গণস্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নিয়েছে। দু’টি পৃথক গণস্বাক্ষর অভিযান চলছে। একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের তরফে এবং অন্যটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি যুক্ত নন, এমন সাধারণ নাগরিকদের উদ্যোগে। এই দুই আবেদনে স্বাক্ষর সংগ্রহের পর উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিনের কাছে তা জমা দেওয়া হবে। পাশাপাশি, আমাদের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তনীরাও পৃথকভাবে একটি আবেদন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
(সাক্ষাৎকারের ভিত্তিতে অনুলিখন)








