দীপাবলিতে অনলাইনে সোনা কিনছেন? অর্ডার দেওয়ার আগে এই ৫টা জিনিস অবশ্যই দেখে নিন
Diwali Gold Buying Guide: দীপাবলিতে অনলাইনে সোনা কিনছেন? ছাড় দেখেই কি অর্ডার দিয়ে দিচ্ছেন? আসল দামটা জানেন তো? বিশুদ্ধতা, ওজন আর সার্টিফিকেট মিলিয়ে দেখেছেন? বিক্রেতা আসল কিনা চিনেছেন? অন্য অ্যাপে দাম তুলনা করেছেন? ফেরত আর পুনঃবিক্রয়ের নিয়ম জানেন? না জানলে ঠকতে পারেন, তাই কেনার আগে এই ৫টা জিনিস অবশ্যই দেখে নিন
ঐতিহ্যগতভাবে ধনতেরাস ও দীপাবলির মতো উৎসবের সময় অনেকেই বড় কেনাকাটার জন্য সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুকেই বেছে নেন, কারণ এই দিনগুলোকে সমৃদ্ধি ও নতুন সূচনার জন্য শুভ বলে মনে করা হয়। আগে দোকানে গিয়ে কিনতে হতো। এখন অনেক ই-কমার্স ও কুইক-কমার্স অ্যাপে মিনিটের মধ্যে বাড়িতে ডেলিভারি হয়ে যায়। কল্যাণ, এমএমটিসি-পাম্প, মালাবার, তানিশক, জয়ালুক্কাস,এইসব পরিচিত কোম্পানির মুদ্রাও অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে সোনা কেনার সুবিধা অনেক, কিন্তু দামি জিনিস কেনার সময় একটু সতর্ক থাকা দরকার। তাই অর্ডার দেওয়ার আগে এই পাঁচটি বিষয় ভালো করে দেখে নিন।
শুধু ছাড় দেখে উত্তেজিত হবেন না
এখন অনেক অ্যাপে ২০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এই ছাড়গুলো প্রায়ই এমআরপি বা সর্বোচ্চ খুচরা দামের ওপর হিসাব করা হয়। আসল দাম কত, সেটা বোঝা যায় না। তাই ছাড়ের সংখ্যা দেখেই অর্ডার দিয়ে ফেলবেন না। আগে দেখুন চূড়ান্ত দাম কত হচ্ছে। জিএসটি, ডেলিভারি চার্জ, প্ল্যাটফর্ম ফি—সব যোগ করে মোট কত টাকা দিতে হবে, সেটা হিসাব করুন। তারপর বাজারের বর্তমান সোনার দামের সঙ্গে তুলনা করুন।
বিশুদ্ধতা, ওজন ও সার্টিফিকেট যাচাই করুন
- আপনার জন্য আরও কিছু লেখা
New hallmarking of gold : সোনার এই হলমার্কিং নিয়মগুলি বদলে যেতে চলেছে এপ্রিল মাসের এক তারিখ থেকে। এবার থেকে কীভাবে চিনবেন খাঁটি সোনা?
অনলাইনে যে সোনার মুদ্রা পাওয়া যায়, সেগুলো সাধারণত ২২ ক্যারেট বা ২৪ ক্যারেটের হয়। শুধু ছবি দেখে বিশ্বাস করবেন না। পণ্যের বিবরণ ভালো করে পড়ুন। ওজন কত, বিশুদ্ধতা কত, সব স্পষ্ট করে লেখা আছে কি না, দেখুন। গহনার মতো মুদ্রার ক্ষেত্রে বাধ্যতামূলক বিআইএস হলমার্কিং নেই। তাই প্রস্তুতকারকের অ্যাসে সার্টিফিকেট আছে কি না, সেটা নিশ্চিত করুন। ডেলিভারি এলে ওটিপি দেওয়ার আগে মুদ্রা ও সার্টিফিকেট মিলিয়ে নিন।
আসল প্রস্তুতকারক বা জুয়েলারকে চিনে নিন
অনেক সময় ই-কমার্স প্ল্যাটফর্ম শুধু বিক্রি ও ডেলিভারির কাজ করে। আসল পণ্য তৈরি করে অন্য কোম্পানি। তাই বিক্রেতার পরিচয় জানুন। ইনভয়েসে প্রস্তুতকারকের নাম, মুদ্রার ওজন, বিশুদ্ধতা ও ক্রয়মূল্য স্পষ্ট করে লেখা আছে কি না, দেখুন। কোনো সমস্যা হলে প্ল্যাটফর্মের সঙ্গে নয়, মূল প্রস্তুতকারক বা জুয়েলারের সঙ্গেই যোগাযোগ করতে হবে। তারাই দায়ী। তাই কেনার সময়ই তাদের নাম ও যোগাযোগের ঠিকানা সংরক্ষণ করে রাখুন।
বিভিন্ন প্ল্যাটফর্মে দাম তুলনা করুন
একই মুদ্রা বিভিন্ন অ্যাপে আলাদা দামে পাওয়া যেতে পারে। তাই একটা অ্যাপে দেখেই অর্ডার দেবেন না। কয়েকটা অ্যাপ খুলে দাম দেখুন। কোনো ভাউচার বা অতিরিক্ত ছাড় আছে কি না, সেটাও হিসাব করুন। ছাড়ের শর্তাবলি পড়ে নিন। কোনো কোনো অফার শুধু নির্দিষ্ট দোকানে বা নির্দিষ্ট শর্তে প্রযোজ্য হয়।
ফেরত ও পুনঃবিক্রয়ের নিয়ম জেনে নিন
অনেক প্ল্যাটফর্মে সোনা বা রুপোর মুদ্রা সাধারণত ফেরত নেওয়া হয় না। পণ্য ত্রুটিপূর্ণ, নকল বা অর্ডার করা জিনিসের থেকে আলাদা হলে তবেই ফেরতের কথা ভাবা যায়। ডেলিভারি পাওয়ার পর ভালো করে পরীক্ষা করুন। কোনো ক্ষতি বা গরমিল থাকলে ছবি তুলে রাখুন এবং প্যাকেট আসল অবস্থায় রেখে দ্রুত জানান। পুনঃবিক্রয়ের সময়ও সাবধান থাকুন। জুয়েলাররা প্রায়ই বাজার দামের চেয়ে কম দামে কেনেন।
দীপাবলিতে অনলাইনে তাড়াহুড়ো করে সোনা কেনা ঠিক নয়। পণ্য সম্পর্কে জানুন, দাম তুলনা করুন, বিশুদ্ধতা যাচাই করুন, বিক্রেতার পরিচয় দেখুন। বিক্রয়ের চালান এবং সার্টিফিকেট সংরক্ষণ করে রাখুন। এই সাধারণ সতর্কতাগুলো আপনার কেনাকাটাকে, আরও নিরাপদ ও লাভজনক করে তুলবে।








