জিষ্ণু বসুর অস্বস্তি কালচারাল মার্ক্সিজমে: সাংস্কৃতিক মার্কসবাদের যাত্রাপথ আসলে কেমন?

Cultural marxism and rss: ইনস্ক্রিপ্টের পডকাস্টে অনিন্দ্য জানার মুখোমুখি হয়েছিলেন, আরএসএস-এর জিষ্ণু বসু। জেন-জি আন্দোলন থেকে সরকারের প্রাতিষ্ঠানিক বিরোধিতা, সবেতেই তিনি খুঁজে পেয়েছেন 'কালচারাল মার্ক্সিজম' এর ছায়া। অনেক ঐতিহাসিকের মতে, এই ধরণের বয়ান ১৯৩০-এর নাৎসি 'কালচারাল বোলশেভিজম' প্রোপাগান্ডার একুশ শতকীয় উত্তরসূরি।

inscript
৫ মিনিট
জিষ্ণু বসুর অস্বস্তি কালচারাল মার্ক্সিজমে: সাংস্কৃতিক মার্কসবাদের যাত্রাপথ আসলে কেমন?

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক পরিসরে একটি শব্দবন্ধ প্রবলভাবে উচ্চারিত হচ্ছে, শব্দবন্ধটি হলো ‘কালচারাল মার্ক্সিজম’ বা সাংস্কৃতিক মার্কসবাদ। রাজনীতি, সমাজনীতি বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যখনই কোনো শাসকশ্রেণি বা আধিপত্যকামী গোষ্ঠী সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মুখে পড়ে, তখনই তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে একটি কল্পিত শত্রুর সন্ধান করে। ভারতের বর্তমান রাজনৈতিক আবহে ঠিক সেই কল্পিত শত্রুর নাম দেওয়া হয়েছে ‘সাংস্কৃতিক মার্কসবাদ’।

সম্প্রতি ‘ইনস্ক্রিপ্ট’ পডকাস্ট স্টুডিওতে প্রবীণ সাংবাদিক অনিন্দ্য জানার মুখোমুখি হয়েছিলেন, আরএসএস এর পূর্বক্ষেত্রের প্রচারপ্রমুখ ডক্টর জিষ্ণু বসু। এই দীর্ঘ, টানটান বৌদ্ধিক সাক্ষাৎকারটিকে বিশ্লেষণ করলে আরএসএস-এর মতাদর্শগত অবস্থানের সঙ্গে সমকালীন রাজনীতির একটি সুপরিকল্পিত বয়ান ফুটে ওঠে। সাক্ষাৎকারটিতে সমসাময়িক রাজনীতি, জেন-জি পরিচালিত ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক প্রতিবাদ ও প্রাতিষ্ঠানিক বিরোধিতার প্রসঙ্গ এলেই জিষ্ণু বসু বারবার এই একটিমাত্র তাত্ত্বিক ঢালের আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, সাংবাদিক অনিন্দ্য জানাকে রীতিমতো বাধ্য হয়ে বলতে হয় যে, তিনি ট্যালিমার্ক দিয়ে গুনছেন, জিষ্ণু বসু ততক্ষণে অন্তত সাতবার ‘কালচারাল মার্ক্সিজম’ শব্দটি ব্যবহার করে ফেলেছেন।

জিষ্ণু বসুর এই ভীতির উৎস কী? ভারতের মতো একটি প্রাচীন বৈচিত্র্যময় গণতান্ত্রিক দেশে, যেখানে প্রতিনিয়ত মানুষ তাদের অধিকার বুঝে নিতে রাস্তায় নামে, সেখানে একজন আরএসএস নেতা কেন বারবার একটি নির্দিষ্ট বিদেশি পরিভাষার আড়ালে লুকিয়ে পড়ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সমকালীন বুদ্ধিবৃত্তিক দ্বন্দ্বের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সদ্য প্রকাশিত গ্রন্থের তুলনামূলক পাঠ এবং জিষ্ণু বসুর নিজস্ব যুক্তিগুলির ব্যবচ্ছেদ জরুরি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জিষ্ণু বসু: বিজেপির সরকারকে দশে কত নম্বর দিচ্ছেন আরএসএসের নেতা?

Jishnu Bose: সম্প্রতি ইনস্ক্রিপ্টের পডকাস্টে আরএসএসের পূর্ব ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু সংগঠনের কাজ, অর্থের জোগান, মুসলিমদের সঙ্গে সম্পর্ক, গান্ধী হত্যা, সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের নতুন বিজেপি সরকারের ভূমিকা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন।

এ.জে.এ. উডস তাঁর অত্যন্ত সময়োচিত গ্রন্থ দ্য কালচারাল মার্ক্সিজম কনস্পিরেসি (২০২৬)-এ স্পষ্টভাবে দেখিয়েছেন যে, ‘সাংস্কৃতিক মার্কসবাদ’ কোনো সুসংগঠিত রাজনৈতিক দর্শন বা প্রাতিষ্ঠানিক তত্ত্ব নয়। এটি মূলত ডানপন্থীদের তৈরি করা একটি ‘বাজওয়ার্ড’ বা ষড়যন্ত্র তত্ত্ব, যার শিকড় লুকিয়ে আছে ১৯৩০-এর দশকের ইওরোপীয় ফ্যাসিবাদের ইতিহাসে। নাৎসি জার্মানিতে প্রগতিশীল, উদারনৈতিক ইহুদি বুদ্ধিজীবীদের আক্রমণ করার জন্য 'কালচারাল বোলশেভিজম' নামক একটি বিদ্বেষমূলক প্রোপাগান্ডা তৈরি করা হয়েছিল, পরবর্তীতে এটিই আমেরিকায় নতুন মোড়কে ‘সাংস্কৃতিক মার্কসবাদ’ হিসেবে আত্মপ্রকাশ করে।

উডস দেখাচ্ছেন, রক্ষণশীল রাজনীতিকরা, যেমন টেড ক্রুজ বা রন ডিস্যান্টিস, বহুসংস্কৃতিবাদ, নারীবাদ, বা পরিবেশবাদকে আক্রমণ করার জন্য দাবি করতে শুরু করেন যে, জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিকরা, যেমন থিওডোর আডোর্নো, ম্যাক্স হরখাইমার, হার্বার্ট মার্কুসেরা পশ্চিমা সভ্যতাকে ধ্বংস করবার জন্য, একটি সুপরিকল্পিত ছক কষেছিলেন। মার্কসবাদ যেহেতু অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, তাই তারা সংস্কৃতির ভেতর দিয়ে সমাজকে ধ্বংস করতে চাইছে। এই হলো ষড়যন্ত্র তত্ত্বটির মূল কথা।

অনিন্দ্য জানার সঙ্গে কথোপকথনের সময়, ডক্টর জিষ্ণু বসু ঠিক উডসের নির্দেশিত পশ্চিমা ডানপন্থী ছকেই কথা বলেছেন। তবে, একইসঙ্গে তিনি আরএসএস-কে একটি বিজ্ঞানমনস্ক, অন্তর্ভুক্তিমূলক এবং দেশপ্রেমিক শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করেছেন। জিষ্ণু বসু আরএসএস-কে পশ্চিমা ‘দক্ষিণপন্থী’ তকমা থেকে মুক্ত করে, ‘জাতীয়তাবাদী’ বা ‘হিন্দুত্ববাদী’ হিসেবে তুলে ধরেছেন। তাঁর দাবি, হিন্দুদের অধিকার রক্ষার কথা বলার অর্থ মুসলমানদের প্রতি বিদ্বেষ নয়। নিঃস্বার্থ ভালোবাসা ও সেবার মাধ্যমে আরএসএস মুসলিমদেরও আপন করে নিয়েছে, যার প্রমাণ হিসেবে তিনি সঙ্ঘের অভ্যন্তরে থাকা মুসলিম স্বয়ংসেবকদের কথা উল্লেখ করেছেন। সাভারকার, গডসে বা নাগপুরের সদর দপ্তরে জাতীয় পতাকা না তোলার মতো দীর্ঘস্থায়ী বিতর্কগুলোতে তিনি বিরোধী আখ্যানকে ‘অর্ধসত্য’ বলে ইঙ্গিত করেছেন। সাভারকারের মুচলেকাকে তিনি স্বাধীনতা সংগ্রামের একটি ‘কৌশলগত পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়ে, বামপন্থী নেতা ডাঙ্গের সঙ্গে তার তুলনা টেনেছেন। তিনি দাবি করেছেন যে, সাংস্কৃতিক মার্কসবাদের মূল লক্ষ্যই হলো 'পুরোনো বিশ্বকে ধ্বংস করে নতুন বিশ্ব তৈরি করা'। তাঁর মতে, গণতান্ত্রিক ভারতই এদের প্রধান শত্রু। কারণ, ভারতের গণতান্ত্রিক কাঠামো যদি সফল হয়, তবে কালচারাল মার্ক্সিজমের মূল ভিত্তিটাই নস্যাৎ হয়ে যায়। এখানে তিনি সরকারের যেকোনো বিরোধিতাকেই গণতন্ত্রের ওপর আক্রমণ হিসেবে চিত্রিত করেছেন। তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিতটি লুকিয়ে আছে সাম্প্রতিককালের জেন-জি ছাত্র আন্দোলনগুলোর ব্যাখ্যায়, জিষ্ণু বসু এই প্রতিবাদগুলোকে স্বতঃস্ফূর্ত মানতে নারাজ। তাঁর ইঙ্গিত অনুযায়ী, এগুলো ‘কালচারাল মার্ক্সিজম’ এবং ‘গ্লোবাল মার্কেট ফোর্স’-এর যৌথ চক্রান্তের ফসল। ৪১ কোটি যুবকের এই বিপুল বাজারকে গ্লোবাল মার্কেট ফোর্স নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। যখনই দেশের তরণ সমাজ নেহা বোরার মত শিক্ষার্থীর নেতৃত্বে রাস্তায় নেমে সরকারের কাছে ন্যায়ের দাবি জানাচ্ছে, তখন তিনি সেই বাস্তব গণ-অসন্তোষকে একটি কাল্পনিক আন্তর্জাতিক বাজার-চক্রান্তের রূপ দিচ্ছেন। তিনি অভিযোগ করেছেন, এই আন্দোলনগুলোর লক্ষ্য নির্দিষ্ট সমস্যার সমাধান নয়, বরং ভারতের গণতান্ত্রিক স্তম্ভগুলোকে, বিচারবিভাগ, আইনবিভাগ ও শাসনবিভাগকে পরিকল্পিতভাবে দুর্বল করা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বজোড়া দক্ষিণপন্থীদের সঙ্গে হাত মেলাচ্ছে বিজেপি, কোন লক্ষ্যে?

RSS-BJP: বিজেপি সামনে বলছে তারা হিংসার রাজনীতির বিরোধী, অথচ পিছনে মদত দিচ্ছে সেই শক্তিগুলোকে, যারা সারা বিশ্বে প্রতিক্রিয়াশীল কাজকর্মের জন্য কুখ্যাত।

এর পাশাপাশি, জিষ্ণু বসু অভিযোগ করেন যে আরএসএস সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণার পেছনে একটি বৈরী বুদ্ধিবৃত্তিক ‘ইকোসিস্টেম’ বা বাস্তুতন্ত্র কাজ করছে। তিনি নিজে যদিও স্বীকার করেছেন যে, প্রচারবিমুখ হলেও ১ লক্ষ ৬৫ হাজার সেবাপ্রকল্প এবং বিভিন্ন বৃহৎ শ্রমিক ও ছাত্র সংগঠনের মাধ্যমে আরএসএস-এর শিকড় সমাজের অনেক গভীরে প্রোথিত।

রাজ্য সরকারের মূল্যায়নের ক্ষেত্রে তিনি বর্তমান বিজেপি সরকারের শিল্প ও বিনিয়োগ নীতির ভূয়সী প্রশংসা করে দশে আট থেকে দশ নম্বর দিয়েছেন। দুর্গাপূজার সময় বামপন্থীদের স্টল ভাঙচুরের প্রসঙ্গে তিনি বামেদের মতাদর্শগত দেউলিয়াপনাকে কটাক্ষ করে বলেন যে, তারা শ্রেণিচেতনা জাগানোর বদলে রান্নার বই বা আধ্যাত্মিক বই বিক্রি করছে, যা তাদের রাজনৈতিক ব্যর্থতারই প্রমাণ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘স্ট্যালিনবাদী সেন্সরশিপ’! ককরোচ জনতা পার্টিকে কটাক্ষ আরএসএস-ঘনিষ্ঠ পত্রিকার

Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে এবার সরব আরএসএস-ঘনিষ্ঠ পত্রিকা ‘অর্গানাইজার’। সিজেপির কর্পোরেট মিডিয়া-বিরোধী অবস্থানকে তারা ‘স্ট্যালিনবাদী সেন্সরশিপ’ বলে কটাক্ষ করেছে। বেকারত্ব, তরুণদের ক্ষোভ ও ডিজিটাল রাজনৈতিক ব্যঙ্গকে কেন্দ্র করে তৈরি এই বিতর্ক এখন জাতীয় রাজনীতির আলোচনায়।

এই আলোচনার একটি কৌতূহলোদ্দীপক দিক হলো, গ্যাব্রিয়েল রকহিল তাঁর হু পেইড দ্য পাইপার্স অব ওয়েস্টার্ন মার্ক্সিজম? (২০২৫) গ্রন্থে সম্পূর্ণ উল্টো এক ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করেছেন। ডানপন্থী জিষ্ণু বসু যেমন দাবি করেন ফ্রাঙ্কফুর্ট স্কুল সভ্যতা ধ্বংস করতে চায়, কট্টর বামপন্থী রকহিল ঠিক তেমনই দাবি করেন এরা পশ্চিমা সাম্রাজ্যবাদকে শক্তিশালী করার জন্য সিআইএ (CIA)-র বেতনভোগী এজেন্ট। দুই পক্ষই এদেরকে একটি সর্বশক্তিমান, ধূর্ত, গুপ্ত পরিকল্পনাকারী গোষ্ঠী হিসেবে চিত্রিত করে। রকহিল যেমন সিআইএ-কে নিয়ন্ত্রক মনে করেন, জিষ্ণু বসুও ঠিক সেভাবেই 'গ্লোবাল মার্কেট ফোর্সের' দিকে আঙুল তোলেন। উভয় তরফেই, কাঠামোগত ও বস্তুনিষ্ঠ ঐতিহাসিক বিশ্লেষণের বদলে একটি অত্যন্ত সরলীকৃত ষড়যন্ত্র তত্ত্বকে বেছে নেওয়া হয়েছে।

ইনস্ক্রিপ্টের পডকাস্টে জিষ্ণু বসু যা বলেছেন, তা নিছক আড্ডার খোরাক নয়। এ.জে.এ. উডসের “কনজাংচারাল অ্যানালাইসিস” (Conjunctural Analysis) পদ্ধতি ব্যবহার করলে, জিষ্ণু বসুর ভীতির আসল কারণগুলিকে খুব সহজেই ডিকোড করা যায়। ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্বগুলো শূন্য আধার থেকে জন্মায় না, এগুলি নির্দিষ্ট রাজনৈতিক সংকট ও সামাজিক উত্তেজনার সময় শাসকশ্রেণির আধিপত্য বজায় রাখার জন্য ব্যবহৃত হয়।

ভারতে বর্তমান সময়ে কর্মসংস্থানহীনতা, নারী নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রশ্নফাঁস নিয়ে যুবসমাজ যখন তীব্র প্রশ্ন তুলছে, তখন শাসকদলের কাছে তার কোন সদুত্তর নেই। অনিন্দ্য জানা যখন পডকাস্টটিতে তীক্ষ্ণভাবে গণতান্ত্রিক পরিসরে বিরোধীদের গুরুত্ব ও সরকারের একনায়কসুলভ আচরণের দিকে ইঙ্গিত করেছেন, তখন জিষ্ণু বসুর কাছে সাংস্কৃতিক মার্কসবাদ-এর জুজুটিই হয়ে উঠেছে আত্মরক্ষার শ্রেষ্ঠ হাতিয়ার। প্রতিবাদী স্বরকে যদি সাংস্কৃতিক মার্কসবাদী ষড়যন্ত্র বা গণতন্ত্র ধ্বংসকারী আখ্যা দেওয়া যায়, তবে আর মূল দাবিগুলোর উত্তর দিতে হয় না।

সাংস্কৃতিক মার্কসবাদ আসলে কোনো ভূত নয়, এটি শাসক ও আধিপত্যবাদীদের তৈরি করা একটি আয়না, যাতে তারা নিজেদের ব্যর্থতা ও ভয়গুলি দেখতে পায়। জিষ্ণু বসুর ভীতি আসলে ‘সাংস্কৃতিক মার্কসবাদ’ নিয়ে নয়। তাঁর ভীতি আসলে প্রশ্নমুখী তরুণ প্রজন্ম, রাজপথের স্বতঃস্ফূর্ত জমায়েত, অস্বস্তিকর প্রশ্ন এবং জবাবদিহিতার গণতান্ত্রিক পরিসরকে ঘিরে। এই কাল্পনিক জুজুর বিরুদ্ধে লড়াই তাই কেবল তাত্ত্বিক নয়, বরং এটি সেই বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামের অংশ, যেখানে দাঁড়িয়ে আগামী দিনের বৈষম্যহীন ভবিষ্যতের জন্য সমবেতভাবে প্রশ্ন চালিয়ে যেতে হবে।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২ বছর পর ফের আরবিআই-এর গণ্ডি পার! অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতি বেড়ে ৬.০৯%

October Retail Inflation 6.09%: অক্টোবরে খুচরা মুদ্রাস্ফীতি বেড়ে ৬.০৯% হলো কেন? ২ বছর পর RBI-এর সহন সীমা পার হলো কীভাবে? পেঁয়াজের দাম ১১৬% বাড়ল কেন? খাদ্য মূল্যস্ফীতি ৮.৯৪% হওয়ায় সাধারণ মানুষের পকেটে কী প্রভাব পড়বে? পশ্চিমবঙ্গে খুচরা মুদ্রাস্ফীতি ৪.৬৬% হলেও বাকি রাজ্যে কেন বেশি?

গণতন্ত্রের পাহারাদাররাই ভোট ডাকাতির কারিগর?

Election Commission of India: ২০২৪ সালের নির্বাচনে প্রদত্ত ভোট ও গণনার হিসাবে এত অসংগতি কেন? ৫১টি কেন্দ্রে ভোটের পরিসংখ্যান ঘিরে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন, তবে কি গণতন্ত্রের সবচেয়ে বড় পাহারাদারই আজ গণতন্ত্রের সংকটের কারণ?

কেন পুড়ল সনিয়ার বই ‘বিলংগিং’? ঠিক কী ঘটেছিল ১৯৮৪-র দিল্লিতে?

Sonia Gandhi Autobiography: ১৯৮৪ সালের ৩১ অক্টোবর সকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁরই দুই শিখ দেহরক্ষী সতবন্ত সিং ও বিন্ত সিং গুলি করে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এইমস (AIIMS)-এর সামনে থেকে শুরু হওয়া শোক ও ক্ষোভ মুহূর্তের মধ্যে রূপ নেয় এক সংগঠিত হিংসায়।

কপ৩১ সম্মেলন থেকে কী পাবে বিশ্ব?

COP31 Climate Summit: তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া ‘কপ৩১’ জলবায়ু সম্মেলনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল ও পরিচ্ছন্ন বিদ্যুৎ-সহ আর কী কী প্রতিশ্রুতি মিলবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য?

জিষ্ণু বসু: বিজেপির সরকারকে দশে কত নম্বর দিচ্ছেন আরএসএসের নেতা?

Jishnu Bose: সম্প্রতি ইনস্ক্রিপ্টের পডকাস্টে আরএসএসের পূর্ব ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু সংগঠনের কাজ, অর্থের জোগান, মুসলিমদের সঙ্গে সম্পর্ক, গান্ধী হত্যা, সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের নতুন বিজেপি সরকারের ভূমিকা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন।

দেশে বেকারত্বের হার ৫.১ শতাংশ, সত্যিই কি ঘুচছে কর্মসংস্থানের সংকট?

India unemployment rate 2026: পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) অধীনস্থ 'পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে' (PLFS)-এর ত্রৈমাসিক বুলেটিনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে ১৫ বছর বা তার বেশি বয়সি ভারতীয়দের মধ্যে বেকারত্বের হার ছিল ৫.১ শতাংশ।

৬ নেতা গ্রেফতার, ৫ জায়গায় সংঘর্ষ! আওয়ামী লীগকে ঠেকাতে কী পদক্ষেপ তারেক সরকারের?

Sheikh Hasina passport rejected: শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন খারিজ হওয়ার পর বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়েছে। হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগকে দমনে কতটা কঠোর তারেক সরকার?