বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফের নিয়ন্ত্রণের বাইরে?
Bangladesh Gopalganj violence: মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভকারীরা থানায় হামলা ও অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে এবং আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেয়। পরে বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও আগুন দেওয়া হয়।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ফের নতুন করে হিংসাত্মক চেহারা নিল। মঙ্গলবার, ১৭ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সাংসদ এস এম জিলানির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, থানায় আটক থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আগ্নেয়াস্ত্রও লুট করা হয়। পরপর এই ঘটনাগুলিকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে?
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তেজনা ছড়াতে শুরু করে। পুলিশি অভিযানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীকে আটক করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁদের গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একজোট হতে শুরু করেন। বিভিন্ন জায়গায় মাইকে ঘোষণা করে লোকজনকে জড়ো করা হয়। এরপর একদল বিক্ষোভকারী টুঙ্গিপাড়া থানার সামনে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস এবং রবারের গুলি ব্যবহার করে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এর পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একসময় পুলিশকর্মীরা নিরাপত্তার কারণে থানা ছেড়ে সরে যেতে বাধ্য হন। সেই সুযোগে বিক্ষোভকারীরা থানার ভিতরে ঢুকে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। থানার ভিতরে থাকা কয়েকটি গাড়িতেও আগুন লাগানো হয়।
এই ঘটনার মধ্যেই থানায় আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি থানা থেকে আগ্নেয়াস্ত্র লুটের খবরও সামনে আসে। যদিও ঠিক কতগুলি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে, সে বিষয়ে প্রাথমিক প্রতিবেদনগুলিতে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ প্রশাসনের তরফেও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তখনও প্রকাশ করা হয়নি। পুলিশের সদর দফতরের অপরাধ ও পরিচালন বিভাগের উপমহাপরিদর্শক মহম্মদ আবু সুফিয়ান প্রথম আলোকে জানিয়েছিলেন, টুঙ্গিপাড়া থানায় হামলার খবর তাঁরা পেয়েছেন এবং পরবর্তী ঘটনাগুলি খতিয়ে দেখা হচ্ছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Sheikh Hasina passport application: ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদন ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক তরজা। হাসিনার প্রত্যাবর্তনকে কীভাবে দেখছে বাংলাদেশ?
থানায় হামলার পরেই নতুন করে উত্তেজনা ছড়ায় বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িকে কেন্দ্র করে। রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারের কাছে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) কেন্দ্রের সাংসদ জিলানি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তাঁর বাড়িটি টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শী এবং বিএনপির একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রথমে থানায় হামলা চালান। তার পরেই তাঁরা জিলানির বাড়িতে চড়াও হন। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিয়োতে বাড়ির ভিতরে আগুন জ্বলতে এবং লাঠি হাতে একদল যুবককে ভাঙচুর চালাতে দেখা গিয়েছে। ভিডিয়োতে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী আধিকারিক মহম্মদ দিদারুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে জিলানির বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। অন্যদিকে, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান প্রথম আলোকে জানান, বিভিন্ন সূত্র থেকে তিনি সাংসদের বাড়িতে আগুন লাগানোর খবর পেয়েছেন। তবে প্রথম আলো একাধিকবার ফোন করেও সাংসদ এস এম জিলানির সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দমকলের কর্মীরাও সহজে ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। নিরাপত্তার অভাবে দমকলের গাড়ি বের করা সম্ভব হয়নি বলে দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন। ফলে স্থানীয় বাসিন্দাদেরই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে হয়।
উল্লেখযোগ্য বিষয়, গোপালগঞ্জে এই হিংসার ঘটনা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। একদিকে থানায় হামলা, আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিয়ে যাওয়া এবং সরকারি সম্পত্তিতে আগুন, অন্যদিকে বিরোধী দলের সাংসদের বাড়িতে হামলা—পরপর এই ঘটনাগুলি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও সংঘর্ষের জেরে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাচ্ছে, সেই প্রশ্নও সামনে আসছে।
বস্তুত, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও দলটির নেতা-কর্মীদের বিভিন্ন জায়গায় সক্রিয় থাকার খবর সামনে এসেছে। গোপালগঞ্জের এই ঘটনায় সেই রাজনৈতিক উত্তেজনাই আরও একবার প্রকাশ্যে এল। তবে রাজনৈতিক পরিচয় যা-ই হোক, থানায় হামলা, অস্ত্র লুট, অগ্নিসংযোগ এবং বিরোধী জনপ্রতিনিধির বাড়িতে আক্রমণের মতো ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জবাবদিহি জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কী পদক্ষেপ করে এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর।







